আর্ট ক্যাম্পে ছাপচিত্র তৈরী করছে শিশুরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ রাজধানীর পল্লবীতে শিশু কলাকারদের নিয়ে আর্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। সেন্টার ফর এডভান্স নারচারিং এন্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ (ক্যানভাস) এবং নেসন হাট লিমিটেডের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিতব্য এই উৎসবে তিন থেকে পনেরো বছর বয়সী শিশুদের পাঁচশতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হবে।

চলমান আর্ট ক্যাম্পের চিত্র

এরই অংশ হিসেবে ইতিমধ্যে শুরু হয়েছে কর্মশালা, ‘ক্যানভাস আর্ট ক্যাম্প ২০১৬’। পল্লবীর ৩২ নম্বর সড়কে ‘ক্যানভাস’ -এর ক্যাম্পাসে গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া চার সপ্তাহের এই ক্যাম্পে অংশগ্রহনকারীরা চারটি বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছে। এগুলো হচ্ছে – কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র, চিত্রাঙ্কন ও রং এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলা।


আর্ট ক্যাম্পে মাটি দিয়ে টেরাকোটা তৈরী করছে শিশুরা

প্রথম সপ্তাহে কারু ও মৃত্তিকা শিল্প বিষয়ক কর্মশালা চলাকালে শিশু শিক্ষার্থীরা মাটির টেরাকোটা, পুতুল, ফুল ও গিফট কার্ড তৈরী করেছে। এ বিষয়ের প্রশিক্ষক হিসেবে ছিলেন শিল্পী শাহীন মোহম্মদ রেজা। আজ (২৬ ফেব্রুয়ারি) থেকে স্থির ও ছাপচিত্র বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন শিল্পী নওরীন জাহান, মাহিন জয়েস এবং চলচ্চিচত্র নির্মাতা ও আলোকচিত্রী ফাহিম ফেরদৌস। প্রথম দিনে অর্ধশতাধিক ছাপচিত্র তৈরী করেছে অংশগ্রহনকারী শিশুরা।

‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ শীর্ষক উৎসবটি শিশুদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে। প্রতিবারের মতো এবারও সকাল থেকে শুরু হবে উম্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গে থাকছে একমাস আগে থেকে শুরু হওয়া কর্মশালার প্রদর্শনী। কর্মশালা ও এই উৎসব সম্পর্কে বলা হচ্ছে, এর উদ্দেশ্য শিশুশিল্পীদের মনোজগতের মনন ও ভাবপ্রকাশের বিজ্ঞানকে একটুখানি উসকে দেয়া। উৎসবের দিন উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এর কোনো ফি নেই।

আর্ট ক্যাম্পে মাটি দিয়ে টেরাকোটা তৈরী করছে শিশুরা

প্রতিষ্ঠালগ্ন (২০১৩) থেকেই ‘ক্যানভাস’ এই উৎসবটি আয়োজন করে আসছে। এবারও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্কাটুনিস্ট আহসান হাবীব, আনুশেহ আনাদিল, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, মিডিয়াকর্মী এশা ইউসুফ, নির্মাতা সামির অহমেদ, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাসহ আরো অনেকে। পুরস্কার বিতরনী পর্ব শেষে গান গাইবেন শোয়েব, রিজভী, কুয়াশাসহ আরো অনেকে। এর আগে সকালে গোষ্ঠ গান করবে কুষ্টিয়া থেকে আগত শিল্পীবৃন্দ। এছাড়াও থাকছে জলপুতলের পাপেট শো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ক্যানভাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম (এফসিএ)।

এই উৎসবের সাথে সাথে যুক্ত হয়েছে রেডিও এবিসি, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম । এর ইভেন্ট ম্যানেজমেন্ট করবে চৌরাস্তা মার্কেটিং এন্ড কম্যুউনিকেশন, অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টেশন করবে সেনাস্ত স্টুডিও। পেডিহোপ হসপিটাল থাকছে স্বাস্থ্য পরিচর্যা পার্টনার হিসেবে। এছাড়া গিফট পার্টনার হিসেবে থাকছে নাভানা।

Leave a Reply

Designed with WordPress

Discover more from One-man Newsroom বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading