ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজম্যান, ঢাকা

বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হওয়া বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নবনির্বাচিত সরকার। একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী ওই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি তথ্যবিবরণীতে এমনটা জানানো হয়েছে।

প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত একটি বিশেষ শিল্প প্রদর্শনী পরিদর্শন শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “চার্জশিট দাখিল শেষে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাই যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়।” তিনি আরও বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে। সারা পৃথিবীর সামনে মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। এদেশের যারা প্রগতিবিরোধী, যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি তাদের একটা রমরমা ভাব ছিল—এ মেসেজটা সারা পৃথিবীতে গেছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকলের সহযোগিতায় সেটা বাস্তবায়ন করতে চাই।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে। আজকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে।”

হামলার ভয়াবহতা নিয়ে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “যেকোনো পত্রিকার তার নিজস্ব আদর্শগত মতবাদ থাকতে পারে। যদি সেটা থেকেও থাকে তবে সেটার সমালোচনা হতে পারে। সেটার জন্য নিয়মতান্ত্রিক যে কোনো প্রতিবাদ হতে পারে—আমরা এই পর্যন্ত রাজি আছি। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে ধরনের হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের মৃত্যু ঘটতে পারত।” “এই ধরনের ঘটনার যদি বাংলাদেশে কেউ পুনরাবৃত্তি ঘটায়, সাধারণ নাগরিকদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মনে করি,” বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলো পরিদর্শনের পর ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপও ঘুরে দেখেন।

একই দিনে পৃথকভাবে প্রথম আলো কার্যালয় পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ধ্বংসস্তূপ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে।” তিনি আরও বলেন, “কাছ থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতাবিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে। এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।”

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সরকারের এই উচ্চপর্যায়ের পরিদর্শন ও দ্রুত বিচারের নির্দেশনাকে দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ছবি: বাসস

ছবি: বাসস

এখানে আপনার মন্তব্য রেখে যান